
শিক্ষা ডেস্ক: দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন:
জেনে নিন অনলাইন ক্লাস ও অফলাইন ক্লাস কবে কবে হবে
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৮ম পে-স্কেল বাস্তবায়নের পর দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি।
এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, গ্যাস, পানি ও বিদ্যুতের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
সংগঠনের নেতারা বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রেখে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
দাবি আদায়ে দেশব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া ১০ এপ্রিল থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
মন্তব্য করুন