
এসএসসি ২০২৬ সামনে রেখে সিসিটিভি বাধ্যতামূলক, কোচিং বন্ধের ইঙ্গিত
✍️ স্টাফ রিপোর্টার:শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষা, চাকরি, শিক্ষক নিয়োগসহ যে কোনো পরীক্ষায় নকলের সাথে জড়িতদের শাস্তির মুখোমুখি হতে হবে।
আরো পড়ুন:
সরকারি কর্মকর্তাদের জন্য দু:সংবাদ: যে সকল সুবিধা বন্ধ
শনিবার (৪ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড-এ কেন্দ্র সচিবদের সাথে নকল প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম।
মন্ত্রী বলেন, পরীক্ষাকে নকলমুক্ত রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। এই সিসিটিভি স্থায়ীভাবে ব্যবহার করে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমও মনিটর করা যাবে।
তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানের পাশের হার শূন্য হবে, তাদের এমপিও তাৎক্ষণিক বাতিল না করে একটি গ্রেস পিরিয়ড দেওয়া হবে।
কোচিং সেন্টার বিষয়ে তিনি জানান, পর্যায়ক্রমে কোচিং সেন্টার বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ইনহাউজ কোচিং চালু করা হবে। এতে শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলোতে আলাদাভাবে পাঠদান করা হবে।
মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং এর মান উন্নয়নে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন আধুনিকায়ন করা হচ্ছে, যাতে ডিজিটাল মাধ্যমে নকলসহ সকল ধরনের অসদুপায় প্রতিরোধ করা যায়। নতুন আইনে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার বিধান যুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে খাতা মূল্যায়নে র্যান্ডম চেকিং চালু করা হবে।
সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা, সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন