শিক্ষার বাজারঃঅপরিশোধিত তেলের তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শেষবারের মতো পরিশোধন কার্যক্রম পরিচালনার পর কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর,ইরানের জব্দ ৬ বিলিয়ন ডলার ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মজুত সংকট মোকাবিলায় শেষ পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) লাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন অপরিশোধিত তেল এবং ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করেও উৎপাদন চালু রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই মজুতও ফুরিয়ে যাওয়ায় শোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
ইআরএল সূত্র জানায়, সাধারণ সময়ে দৈনিক প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হলেও সংকটের কারণে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। তবুও গত মার্চের শুরুতেই ব্যবহারযোগ্য তেলের মজুত বিপজ্জনকভাবে কমে ২ হাজার টনের নিচে নেমে আসে।
অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে—দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে আপাতত সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করা হয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬৫-৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত মধ্যপ্রাচ্য থেকে এসে ইআরএলে পরিশোধিত হয়।
বর্তমান সংকটের পেছনে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাজনিত বৈশ্বিক প্রভাবকে দায়ী করা হচ্ছে। এর ফলে গত দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি কার্যত বন্ধ রয়েছে। তবে আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
শিক্ষার সকল প্রকার খবর সবার আগে জানতে আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ।