শি-বা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কাজ, ইবাদত এবং হালাল উপার্জনের মাধ্যমে সৎ থেকে বেহেশতে যাওয়ার পথেই তারা বিশ্বাসী। তিনি বলেন, “আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।”
আরও পড়ুন:
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি : জামায়াত আমির
সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ড ও সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, খালখনন কাজ যেন সঠিকভাবে সম্পন্ন হয় এবং মানুষ এতে সন্তুষ্ট থাকে।
কোনো ধরনের অভিযোগ যেন না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, এমন যেন না হয় যে শুধু উদ্বোধন করা হলো, কিন্তু পরবর্তীতে আর কাজ এগোয়নি।
তিনি আরও জানান, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
ফ্যামিলি কার্ড, খালখননের পাশাপাশি কৃষিকার্ড দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, কৃষকের উন্নয়ন হলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।