শি-বা ডেস্ক: বাংলাদেশ পুলিশের অধীনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান নিয়োগসহ উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার।
আরো পড়ুন:
প্রত্যাশিত দেশ গড়তে সরকার রাত-দিন কাজ করবে: প্রধানমন্ত্রী
সোমবার স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চার প্রজ্ঞাপনে এসব রদবদল ও নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক (ডিজি), পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবির প্রধান ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত আইজিপি চলতি দায়িত্বে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ সদরদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে এপিবিএনের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে, সিআইডির এসপি মো. মোরতাজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, মাদারীপুরের এসপি এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার, মাগুরার এসপি মো. হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারের খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।